...|...|...

জাতীয়

তাহসিফের মৃত্যুতে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ১১:০৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৬
Shares
তাহসিফের মৃত্যুতে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সাথে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন। প্রথম দফায় চার দিনের রিমান্ড শেষে এদিন দিশাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, তাহসিফের মরদেহ উদ্ধারের আগের দিন রাতে দিশার সাথে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট এবং সিপি ফাইভ স্টার রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। সেখানে তারা একসাথে সময় কাটান।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে দীপ ও দিশার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তাহসিফের মৃত্যুর পেছনে প্রেমের সম্পর্ক কিংবা অন্য কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সাথে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

তবে ভিডিও প্রকাশের বিষয়টির সাথে তাহসিফের মৃত্যুর যোগসূত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এ ঘটনায় দিশাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীরা তার কাছ থেকে তাহসিফের মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনাবলি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন।