...|...|...

জাতীয়

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরির সুপারিশের আশা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ৯:৫২
Shares
এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরির সুপারিশের আশা

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে এক মাসের মধ্যে সুপারিশ প্রণয়নের আশা করছে নবগঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগেরবারের মতো এবার দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে দ্রুত মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সকাল ১১টা ২৫ মিনিটে শুরু হওয়া সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার মধ্যে নতুন মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো এ সভার মধ্য দিয়ে।

সৈয়দ আজাদ সুবহানী জানান, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেয়। এর তিন দিনের মাথায় বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি মজুরি নির্ধারণের আইনগত প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী সভায় মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তারা আশা করছেন। সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন। প্রয়োজনে পরবর্তী সভায় তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব ও সুপারিশ নেওয়া হবে।

আগেরবার মজুরি নির্ধারণে সাতটি সভা করতে হয়েছিল। এবার কতটি সভা প্রয়োজন হতে পারে- এমন প্রশ্নে বোর্ডের চেয়ারম্যান বলেন, সাধারণত এ ধরনের কাজের জন্য ছয় মাসের সময়সীমা থাকে। তবে বর্তমান সরকার দ্রুত বোর্ড গঠন করেছে এবং গঠনের তিন দিনের মধ্যেই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ কারণে এবার আগের মতো দীর্ঘ সময় লাগবে না বলে তারা আশাবাদী।

শ্রমিকদের বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বোর্ডের কর্মপরিকল্পনা ও কার্যপদ্ধতিতে শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিরাও শ্রমিকদের বিষয়ে আন্তরিকতার সাথে নিজেদের মতামত তুলে ধরেছেন।

ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কার্যকর হওয়ার বিষয়ে শ্রমিকদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি অবশ্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। তবে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে আশা প্রকাশ করেন। শ্রমিকদের প্রস্তাব ও মালিকপক্ষের মতামত পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

বোর্ডের পরবর্তী সভা আগামী সপ্তাহে হতে পারে। চেয়ারম্যান জানান, দ্বিতীয় সভার আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা নিজ নিজ সংগঠন এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে প্রস্তাব তৈরি করার সুযোগ পাবেন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে বলে এ প্রস্তুতির জন্য তাদের কিছুটা সময় দেওয়া হবে।