চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানকালে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় মামলার এক আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, রবিবার (২৫ জানুয়ারি) ও সোমবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে সশস্ত্র অপরাধীদের ধরতে যাওয়া র্যাব সদস্যদের ওপর হামলা হয়। এতে ৪জন র্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকরা উপসহকারী পরিচালক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের পর ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় র্যাব-৭ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় ২৯ জনকে এজাহারভুক্ত ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ার) চট্টগ্রাম থেকে ৩ আসামি ও শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার থেকে আলী রাজ নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়।

