...|...|...

খেলা

চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত, রাতেই ড্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, রাত ১১:৩৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৪:২৯
Shares
চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত, রাতেই ড্র

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র আজ রাতে মোনাকোয় অনুষ্ঠিত হবে। কীভাবে হবে ড্র, থাকছে কী কী নিয়ম? বাছাইয়ের প্লে-অফ পর্ব শেষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত হয়েছে। ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ১ ও উয়েফা ওয়েবসাইট। এবারো লিগ পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে।

কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই। উয়েফার কো-এফিশিয়েন্ট র‌্যাংকিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি থাকবে এক নম্বর পাত্রে।

সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।

প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে।

সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে। টানা তিন মৌসুম দুই দল একই মাঠে মুখোমুখি হতে পারবে না। যেমন—সর্বশেষ দুই মৌসুমে আর্সেনাল ইন্টার মিলানের মাঠ সান সিরোয় খেলেছে, আবার রিয়াল মাদ্রিদ লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলেছে। তাই এবার আর্সেনাল-ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ-লিভারপুল যদি মুখোমুখি হয়, তাহলে খেলা হবে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ও মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে।

প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। একই দেশের ক্লাব লিগ পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে না। একটি ক্লাব অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে। ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি ক্লাব সরাসরি সুযোগ পেয়েছে লিগ পর্বে। বাকি ৭টি ক্লাব এসেছে বাছাইয়ের বাধা পেরিয়ে। চ্যাম্পিয়নস লিগে মূল পর্বে এবার অভিষেক হচ্ছে দুটি ক্লাবের- ইতালির কোমো এবং আজারবাইজানের সাবাহ এফকে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৩৬ ক্লাব

লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস, নাপোলি, ইন্টার মিলান, কোমো, এএস রোমা, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট, পিএসজি, লাঁস, লিল, পিএসভি আইন্দহফেন, ফেয়েনুর্ড, বোডো/গ্লিমট, ভাইকিং, স্পোটিং লিসবন, এফসি পোর্তো, গালাতাসারাই, ফেনেরবাচে, ক্লাব ব্রুগা, এলএএসকে, স্লাভিয়া প্রাগ, এইকে এথেন্স, স্লোভান ব্রাতিস্লাভা, সাবাহ এফকে, শাখতার দোনেৎস্ক।