একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে শহীদ ওসমান হাদিকে হত্যার পর বিচারের দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
শনিবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে শহীদ ওসমান হাদিকে হত্যার পর বিচারের দাবিতে আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। অথচ সেই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম থেকে চোখ কচলাতে কচলাতে উঠে বলেন, গত আট মাসে দেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে।’
তিনি বলেন, ‘উনি আইনশৃঙ্খলার এতই উন্নতি ঘটাইছে, যে তার আসনে দিনে দুপুরে ৫০টি বাস থামায়া ডাকাতি করছে। উনি এমন উন্নয়ন ঘটাইছেন, একজন ফ্লাইট লেফটেন্যান্টের লাশ তুরাগ নদীতে ভেসে উঠছে। তিনি এমন উন্নয়ন ঘটাইছেন, মিরাজ শেখ ২০৪তম দিনের মাঝেও নিখোঁজ, আর উনি এসে বলেন গত আট মাসে দেশের কেউ নিখোঁজ হয় নাই।’
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন,‘সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন করেনি, গণভোটের গণরায় মানেনি। অথচ প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে শুধু বদলি করা হচ্ছে।’
প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারের পদক্ষেপের সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক বলেন, ‘আপনি সারাদিন লাইব্রেরিতে বসে পড়তে পড়তে আপনার কোমরে সমস্যা হয়ে যাচ্ছে, আপনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। এরপরে আপনি যখন চাকরির পরীক্ষা দেন, দেখেন তার আগের দিন রাতে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এই প্রশ্ন ফাঁস যারা করছে, সরকার তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করছে, সেইটা হচ্ছে বদলি। মানে মহা বিচার করে ফেলছে সরকার।’
সম্প্রতি যুব উন্নয়নের একটি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে বদলি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ‘এই সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি, জুলাই সনদ বাস্তবায়ন করেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণভোটের গণরায় মানে নাই, আমরাও কি তাহলে তাকে বদলি করে দিব?’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন,‘এই ইনকিলাব মঞ্চ বাংলাদেশের আজাদীর প্রশ্ন, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, সরকার কতটা ক্ষমতাবান বিন্দুমাত্র তোয়াক্কা করে না। সত্য কথা বলার কারণে ওসমান হাদীর মতো আমাদেরও যদি শহীদ হতে হয়, আমাদের বিন্দুমাত্র আফসোস নাই।’
তিন দফা দাবি প্রসঙ্গে জাবের বলেন, ‘আমরা সরকারকে আহ্বান করছি, তিন দফা ভালো লাগলেও বাস্তবায়ন করতে হবে, না লাগলেও করতে হবে। এই তিন দফা বিএনপির দফা না, এনসিপির দফা না, জামায়াতের দফা না, এটি বাংলাদেশের জনগণের দফা।’


