...|...|...

ময়মনসিংহ

চীন থেকে আসছে বুলেট ট্রেন, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার

স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩০
Shares
চীন থেকে আসছে বুলেট ট্রেন, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার

ছবি: সংগৃহীত

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এসব ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে বলে জানান তিনি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, চীনের সাথে দ্রুতগতির ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে। ট্রেনগুলোর গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার হলেও বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী কিছুটা কম গতিতেও এগুলো পরিচালনা করা যেতে পারে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সভায় কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশত্যাগের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ নেতাদের একসাথে পালিয়ে যাওয়ার এমন ঘটনা বিরল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন-এমন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। বরং দলটির নিজেদের ভুল-ত্রুটি সংশোধন ও শুদ্ধিকরণের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

দেশের বিমানবন্দর নিয়েও বক্তব্য দেন বিমানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটির অবস্থা দুর্বল। ভবিষ্যতে আরও বেশ কিছু উড়োজাহাজ দেশের বহরে যুক্ত হবে। তাই আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে।

নতুন বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। বর্তমানে দেশের সাতটি বিভাগে বিমানবন্দর থাকলেও ময়মনসিংহ বিভাগে কোনো বিমানবন্দর নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।