...|...|...

বিশ্ব

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪২
Shares
গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

ভারতের তথ্যপ্রযুক্তিভিত্তিক নগরী বেঙ্গালুরুতে ট্রাফিক আইন লঙ্ঘনকারী শনাক্তে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নজরদারি ক্যামেরার অদ্ভুত এক ভুল নিয়ে হাসাহাসি ও তোলপাড় শুরু হয়েছে। মোটরসাইকেল আরোহীর পিঠে থাকা একটি গিটার কেসকে পেছনের যাত্রী মনে করে হেলমেট না পরার দায়ে জরিমানা করে মামলা ঠুকে দিয়েছে এআই ক্যামেরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর হেব্বাল থেকে টিন ফ্যাক্টরিগামী সড়কে। সুভিক দত্ত নামের এক ব্যক্তি পিঠে গিটার বেঁধে একা স্কুটার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এআই ট্রাফিক সিস্টেম তার পিঠের গিটার কেসটিকে হেলমেটহীন যাত্রী হিসেবে ভুল শনাক্ত করে ই-চালান ইস্যু করে। স্কুটারটি সুভিকের স্ত্রীর নামে নিবন্ধিত থাকায় জরিমানার কপিটি তার মোবাইলে পৌঁছায়।

পরে সুভিক বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের (বিটিপি) অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে স্কুটার ও গিটারের ছবি তুলে ধরে জরিমানা মওকুফের আবেদন জানান। পুলিশ তাকে অটোমেশন বিভাগে যোগাযোগ করে তথ্য সংশোধনের পরামর্শ দিয়েছে।

ঘটনাটি স্বীকার করে বেঙ্গালুরুর একজন ঊর্ধ্বতন ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, এআই ব্যবস্থার এ ধরনের ভুল মাঝে মাঝে ঘটছে। এমনকি স্কুটারে থাকা ছোট শিশুকেও অনেক সময় হেলমেটহীন পূর্ণবয়স্ক যাত্রী হিসেবে ভুল শনাক্ত করে সিস্টেমটি। তবে ভুল চালানের বিষয়ে অভিযোগ করলে তা যাচাই-বাছাই করে দ্রুত বাতিল করা হয় বলে জানান তিনি।