...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলা ও গুলিতে নিহত ৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১:৩০
Shares
গাজায় ইসরায়েলি হামলা ও গুলিতে নিহত ৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক ঘটনায় দখলদার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসব ঘটনায় প্রাণহানির তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গাজা সিটিতে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এর আগে তারা এ ঘটনায় দুজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষের সামনে জরুরি সেবাকর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরে সাইকেলে থাকা এক ফিলিস্তিনি, মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে এক ব্যক্তি এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছে গুলিতে এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

ইসরায়েলের দাবি, হামাস আবারও অস্ত্রভাণ্ডার গড়ে তুলছে এবং প্রায় এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। এ কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোষ্ঠীটির বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইসরায়েল। তবে হামাস হামলার চেষ্টা বা অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের অভিযোগ অস্বীকার করেছে। গাজা শান্তিচুক্তি দুর্বল করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে গোষ্ঠীটি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচকদের মধ্যে সমঝোতা না হওয়ায় পুনর্গঠন কার্যক্রমে তেমন অগ্রগতি হয়নি। এ অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।