...|...|...

বিশ্ব

ইরানে হামলার জন্য ট্রাম্পের অনুমতির দরকার নেই: নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ৯:০৪
Shares
ইরানে হামলার জন্য ট্রাম্পের অনুমতির দরকার নেই: নেতানিয়াহু

ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অনুমতি বা সবুজ সংকেত চাওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, ওয়াশিংটনকে তাদের সম্ভাব্য পদক্ষেপের কথা জানানো হলেও সিদ্ধান্ত কার্যকর করতে কারও অনুমতির অপেক্ষায় থাকবে না তেল আবিব। খবর আরব নিউজ।

দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহরে এক নির্বাচনী সমাবেশে কড়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, 'ইরান আমাদের ধ্বংস করতে চেয়েছিল, আমরা তাদের থামিয়েছি। তারা পারমাণবিক বোমার কাছাকাছি পৌঁছাতে চেয়েছিল, তা-ও ঠেকিয়ে দেওয়া হয়েছে। এর চূড়ান্ত অবসানের একটাই উপায়—তেহরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো।'

তিনি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), গোয়েন্দা সংস্থা মোসাদ ও সব নিরাপত্তা সংস্থাকে এসংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, চলতি মাসের ১০ তারিখের সপ্তাহান্তে ইরানের পারমাণবিক কেন্দ্র, সরকারি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার জন্য প্রস্তুত ছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় এতে আপত্তি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান ইরান সীমান্ত পর্যন্ত মহড়া চালিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, নির্বাচনের ঠিক আগে ইরানকে নিরুৎসাহিত করতে ও ‘শক্তি প্রদর্শন’ করতেই এই অস্বাভাবিক অভিযান চালায় তারা।

তবে জাতীয় নিরাপত্তাকে কেন্দ্র করে ভোটের মাঠে নেতানিয়াহুর এ ধরনের যুদ্ধংদেহী আচরণকে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি অভিযোগ করে বলেন, নেতানিয়াহু দেশের নিরাপত্তাকে বিপজ্জনকভাবে রাজনৈতিক সার্কাসে পরিণত করছেন।