...|...|...

বিশ্ব

ইউক্রেনে স্টারলিংকের গতিসীমা তুলে নিতে মাস্ককে ট্রাম্পের আহ্বান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ২:৩৫
Shares
ইউক্রেনে স্টারলিংকের গতিসীমা তুলে নিতে মাস্ককে ট্রাম্পের আহ্বান

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের ওপর আরোপিত গতিসীমা তুলে নিতে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সাথে ফোনালাপের পর স্টারলিংক সেবার কার্যক্ষমতা কিছুটা বেড়েছে। তবে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সেবাটি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি। তারপরও আগের তুলনায় ইন্টারনেটের গতি বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্টারলিংকের গতি ঘণ্টায় প্রায় ১০০ মাইলের সমতুল্য সীমায় আটকে রাখায় অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। এই সীমাবদ্ধতার কারণে রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনের কিছু আক্রমণাত্মক ড্রোন ও প্রতিরোধী ড্রোন কার্যকরভাবে কাজ করতে পারছিল না।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মাস্ক নিজেই স্টারলিংকের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি মার্কিন প্রশাসনের নির্দেশে তা করা হয়েছিল, সে বিষয়ে স্পেসএক্স ও হোয়াইট হাউসের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

হোয়াইট হাউস ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করেছে। ট্রাম্প অস্বীকার করেছেন, তিনি মাস্ককে স্টারলিংকের গতি কমাতে বলেছিলেন। এ ছাড়া কে এই নির্দেশ দিয়েছিলেন, তা জানার বিষয়টিও অস্বীকার করেছেন তিনি।

রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। সামরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সেবাটি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।