ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তোলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমালোচনা করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। রুবিওর বক্তব্যকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে শিশু ও নাবিক হত্যার অভিযোগ তুলেছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, ‘আমরাও এমন একটি দেশের মুখোমুখি, যারা আলোচনার মধ্যেই চরম বর্বরতার সঙ্গে নিষিদ্ধ বোমা ব্যবহার করে এক মুহূর্তে ১৬৮ শিশুকে হত্যা করেছে। পাশাপাশি ক্রীড়াবিদ, বিদেশের মাটিতে ১০৪ নাবিক এবং যে দেশের মুখোমুখি হয়েছিল, সেখানেই একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়েছে। প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এমন অপরাধী কি কখনো দেখেছেন?’
চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ওই বক্তব্যের জবাবেই আকরামিনিয়া এমন মন্তব্য করেন।
উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে বোমা হামলায় অন্তত ১৬৮ জন নিহত হন। নিহতদের অধিকাংশই শিশু। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সূত্রের মূল্যায়নে, হামলাটির জন্য যুক্তরাষ্ট্র দায়ী—এমন ইঙ্গিত পাওয়া গেছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দপ্তরটি।


