জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্ধ রয়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।
তিনি জানান, বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হচ্ছে না। বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে বুধবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় ৫০ থেকে ১২০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।


