...|...|...

অর্থনীতি

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে অভিযান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৭
Shares
সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে অভিযান

গ্যাস সিলিন্ডার। ছবি: সংগৃহীত

গ্যাস সিলিন্ডারে বাড়তি দাম আদায় ও নানা অনিয়ম রুখতে দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে শনিবার (৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ১৬ জেলায় ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোয় এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ২৩টি টিমের একযোগে পরিচালিত ওই অভিযানে নানা অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে বিশেষ এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তা বিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না— এসব বিষয়গুলো যাচাই করা হয়।

এ ছাড়াও অভিযানে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয় এবং দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের পাশাপাশি নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

এ ক্ষেত্রে ভোক্তাদের গ্যাস সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। সেই সাথে মূল্যতালিকা যাচাইয়ের পাশাপাশি ক্রয়ের সময় রশিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শও দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ভোক্তারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন নম্বর ১৬১২১- এ অভিযোগ জানাতে পারবেন।

এছাড়া ন্যায্যমূল্য ও বাজারে শৃঙ্খলা নিশ্চিতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।