...|...|...

ক্যাম্পাস

খুবির প্রশাসনিক ভবনসহ সব প্রধান গেটে তালা

নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, সকাল ১১:২৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬, সকাল ৯:০৯
Shares
খুবির প্রশাসনিক ভবনসহ সব প্রধান গেটে তালা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নারী আবাসিক বিজয়-২৪ হলে ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে শিক্ষার্থীদের সংবেদনশীল মুহূর্তের ভিডিও ও স্থিরচিত্র ধারণের অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযোগের ঘটনায় হলের ক্যান্টিন মালিকের ছেলে ও ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে শিক্ষার্থীরা আটক করার পর এখন ঘটনার সুষ্ঠু বিচার, দোষীদের শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জুলাই) রাতে অভিযোগটি সামনে আসার পর থেকেই আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তাদের অভিযোগ, বিজয়-২৪ হলের একটি ওয়াশরুমে সন্দেহজনকভাবে রাখা একটি মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইমাম হাসানকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে আন্দোলন আরও বেগবান হয়। নারী শিক্ষার্থীর যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের ভাষ্য, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনার প্রতিবাদ নয়; বরং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, জবাবদিহিতার অভাব এবং বিচারহীনতার বিরুদ্ধে তাদের সম্মিলিত অবস্থান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি বিশ্ববিদ্যালয় তখনই তার স্বাভাবিক পরিবেশ হারায়, যখন শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এভাবে আন্দোলনে নামতে বাধ্য হয়। তাদের দাবি, প্রশাসনের আশ্বাস নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এদিকে কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক ভিডিও পাওয়া গেছে। 
তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাঠানো হতো। তবে এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, নারী আবাসিক হলের মতো সংরক্ষিত স্থানে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, নারী আবাসিক হলে বহিরাগত ব্যক্তি ও সেবাদানকারী কর্মীদের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা আহমেদ বলেন, ‘ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম বলেন, ‘অভিযুক্তকে আটক রাখা হয়েছে। তাকে পুলিশের কাছে সোপর্দ করা এবং মামলা দায়েরের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়জুড়ে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তাদের মতে, আজকের এই আন্দোলন শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার বিচার চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবিরও প্রতীক।