বেগম খালেদা জিয়ার স্নেহ আর তার রাজনীতির আদর্শ আজও আমাদের শক্তি জোগায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৫ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে পাটওয়ারী একই সাথে লেখেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ়তা এবং প্রতিকূলতার মুখেও মাথা নত না করার যে রাজনৈতিক চরিত্র বেগম খালেদা জিয়া রেখে গেছেন, সেটিই তাকে আলাদা করেছে।
এনসিপির এই নেতা লেখেন, বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই তবে তিনি রেখে গেছেন তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসহীনতার এক শক্তিশালী উত্তরাধিকার। কিন্তু তার রেখে যাওয়া রাজনৈতিক উত্তরাধিকার আজ আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা তাই তিনি কী রেখে গেছেন, সেটা নয়। প্রশ্ন হলো, যাঁরা আজ তার পতাকা বহন করছেন, তাদের রাজনীতিতে সেই আপসহীনতা, সেই সাহস আর সেই আদর্শ কতটুকু বেঁচে আছে?

এছাড়া তিনি লেখেন, রাজনীতিতে মতের বিরোধ থাকুক, তর্ক থাকুক, কঠোর সমালোচনাও থাকুক। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপস না করার সাহসটুকু বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে।
বেগম জিয়ার জন্মদিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা।


