কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়িতে ভাঙচুরের ঘটনায় বিএনপিকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘হামলা করে নাসীরুদ্দীন পাটওয়ারীদের দমিয়ে রাখা যাবে? কী হাস্যকর! পুরো বিএনপি মিলে একজনকে দমাতে লেগে গেছে, তাও পারে না।’ পোস্টের সাথে হাস্যরসাত্মক ইমোজিও যুক্ত করেন তিনি।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলার ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


