...|...|...

ময়মনসিংহ

খাল খনন শেষে ১৬ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, রাত ১০:৪০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫১
Shares
খাল খনন শেষে ১৬ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয় না হওয়ায় অব্যয়িত ১৬ লাখ ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপজেলার বইলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩ মে এ প্রকল্পের উদ্বোধন করেন। ৩ হাজার ১০০ মিটার দীর্ঘ খাল পুনঃখননের জন্য প্রকল্পে মোট ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ১০০ মিটার খাল ১০ ফুট গভীর এবং ১৫ থেকে ২৩ ফুট প্রশস্ত করে খনন করা হয়েছে। খনন শেষে বৃষ্টির কারণে একাধিকবার পাড় বাঁধাই করতে হয়েছে। পরে খালের দুই পাশে অনেক প্রজাতির গাছ লাগানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, এই খালটি ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম খনন করেছিলেন। সময়ের সঙ্গে দখল ও ভরাট হয়ে খালটি প্রায় অকেজো হয়ে পড়ে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী গত ২৩ মে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রকল্পে ৬৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও প্রয়োজন অনুযায়ী কাজ সম্পন্ন করতে ৪৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। বিভিন্ন স্থানে খালের প্রস্থ ভিন্ন হওয়ায় পুরো বরাদ্দের অর্থ প্রয়োজন হয়নি। ফলে অব্যয়িত ১৬ লাখ ৫০ হাজার টাকা সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কাজ শেষে স্থানীয় সংসদ সদস্য  প্রকল্প এলাকা পরিদর্শন করে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বাস্তবায়িত কাজের সন্তোষ প্রকাশ করেন।