...|...|...

চট্টগ্রাম

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৫
Shares
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এভারগ্রীন’ নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত আট যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কেরণখাল ইউনিয়নের কুড়েরপার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ২৫ যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কুড়েরপার এলাকায় একটি ব্রিকফিল্ডের সামনে পৌঁছলে বাসটির ব্রেক অকার্যকর হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাসটির যাত্রী আব্দুর রহমান জানান, কক্সবাজার থেকে ছাড়ার পর চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনায় পৌঁছালে বাসটির ব্রেক আবার অকার্যকর হয়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত আট যাত্রী আহত হন।

তবে বাসের সুপারভাইজার মাশরাফি জানান, সাতকানিয়া এলাকায় বাসটির একটি চাকা পাংচার হয়েছিল। সেখানে চাকা পরিবর্তনের পর বাসটি আবার যাত্রা শুরু করে। পরে কুড়েরপার এলাকায় হঠাৎ ব্রেক ফেল করলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।