...|...|...

সারাদেশ

কালীগঞ্জে স্কুলছাত্রী ‘ধর্ষণ’ মামলায় ক্লিনিক পরিচালক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৬:৩৬
Shares
কালীগঞ্জে স্কুলছাত্রী ‘ধর্ষণ’ মামলায় ক্লিনিক পরিচালক গ্রেফতার

আসামি ইউসুফ আলী। ছবি: টাইমস টুডে

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩- এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে একই দিন ভোরে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চব্বিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​আসামি ইউসুফ আলী তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (কানার বাজার) এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক।
​মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব ক্লিনিকে এক প্রতিবেশীর চিকিৎসার সুবাদে ওই পরিবারের সাথে ইউসুফ আলীর পরিচয় গড়ে ওঠে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইউসুফ আলী মেয়েটির মায়ের মোবাইল নম্বর নেওয়ার কথা বলে ঘরে প্রবেশ করেন। এরপর দরজা বন্ধ করে মুখ চেপে ধরে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান।
পরে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে সে ফোনে তার মাকে বিষয়টি জানায়। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউসুফ আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
​এদিকে আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাৎক্ষণিক গ্রেফতার না করায় ফুঁসে ওঠেন ভুক্তভোগীর সহপাঠী ও এলাকাবাসী। রবিবার (২৩ আগস্ট) আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখে অভিযুক্তকে ধরতে তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সোমবার ভোরে র‌্যাব অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওসমান গনি জানান, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামি ইউসুফ আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।