...|...|...

ঢাকা

শিবচরে নারীকে ধর্ষণ-হত্যা: ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে মিলল শিশুর লাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:২৬
Shares
শিবচরে নারীকে ধর্ষণ-হত্যা: ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে মিলল শিশুর লাশ

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে এক নারীর লাশ উদ্ধারের পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে তার এক বছর বয়সী শিশুসন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার নিলখী এলাকায় নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সুরতহাল শেষে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। নিহত নারী নাটোরের লালপুর এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে শিবচর থানায় মামলা করেন।

পুলিশের তথ্যমতে, প্রায় তিন বছর আগে ওই নারীর সাথে মাদারীপুর সদর উপজেলার বড়মেহের এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান ছিল আবির। স্বামী কারাগারে থাকাকালে ওই নারীর সাথে শিবচরের বাখরেরকান্দি এলাকার ফারুক মোল্লার পরিচয় হয়।

পুলিশের অভিযোগ, ফারুকের বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয় এবং শিশুসন্তান আবিরকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর এলাকা থেকে ফারুক মোল্লাকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ ও র‍্যাব-৮। তার কাছ থেকে নিহত নারীর ব্যবহৃত মালা, ওড়না ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।