লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আহত বাবা বর্তমানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ওই ওয়ার্ডের ডগির বাপের বাড়ির বাসিন্দা ৭৫ বছর বয়সি আনারুল্লাহ ও তার স্ত্রীকে তাদের ছেলে ফারুক দীর্ঘদিন ধরে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। সম্প্রতি লিখে দিতে অস্বীকার করায় ফারুক বাবা-মায়ের উপর হামলা করেন। এতে আনারুল্লাহর মাথা ফেটে যায় এবং হাত ভেঙে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও ফারুক বাবা-মাকে ৩-৪ বার মারধর করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
আহত আনারুল্লাহ হাসপাতালের বিছানা থেকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা কর্মকর্তা এবং লক্ষ্মীপুর-৪ কমলনগর-রামগতি আসনের সংসদ সদস্যের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের আকুল আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


