...|...|...

সারাদেশ

বিয়ের আনন্দের বদলে কনের বাড়িতে শোকের মাতম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩০
Shares
বিয়ের আনন্দের বদলে কনের বাড়িতে শোকের মাতম

বিয়ের আনন্দের বদলে কনের বাড়িতে শোকের মাতম।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লার হোমনা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশে ট্রলারে উঠেছিলেন স্বজনেরা। সাথে ছিল বিয়ের বাজার, উপহার হিসেবে দুটি গরু ও একটি খাসি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায় ট্রলারটি। এতে রায়েসা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন একই পরিবারের শিশুসহ চারজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার সবাই কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা।

নিখোঁজ চারজন হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও পাঁচ বছরের শিশু সামিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, হোমনা এলাকা থেকে ১৪ জন স্বজন ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেখানে সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েতে যোগ দেওয়ার পাশাপাশি সাথে করে নেওয়া হচ্ছিল বাজারসামগ্রী ও উপহার।

ট্রলারটি সোনাময়ী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে। প্রচণ্ড ঝড়ের কারণে একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে জীবিত উদ্ধার করে। পরে রায়েসা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, হাসপাতালে এক নারীকে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীতে তীব্র স্রোত ও রাত হয়ে যাওয়ায় চার নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান স্থগিত করা হয়েছে।

উদ্ধার অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও চারজন এখনো নিখোঁজ আছেন। রাত হয়ে যাওয়ায় এবং নদীতে তীব্র স্রোত থাকায় আপাতত তল্লাশি স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সকাল থেকে পুনরায় পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু হবে।

বিয়ের আনন্দে স্বজনদের নিয়ে যাত্রা শুরু করা ট্রলারটি সোনারগাঁয়ে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার হওয়ায় এখন কনের বাড়ির আনন্দের বদলে নেমে এসেছে শোকের আবহ। নিখোঁজ চারজনকে উদ্ধারে শুক্রবার সকাল থেকে আবারও নদীতে অভিযান চালানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।