...|...|...

জাতীয়

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৬
Shares
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় চিকিৎসা কিংবা অন্য কোনো প্রয়োজনে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে  বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের আগে আবাসনসংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট কলকাতায় অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলকাতাগামীদের অনভিপ্রেত ভোগান্তি এড়াতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উপ-হাইকমিশন জানিয়েছে, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি হোটেলটি বর্তমানে চালু আছে কি না, কক্ষ পাওয়া যাবে কি না এবং এর অবস্থান সম্পর্কেও আগে থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগীদের সঙ্গে থাকা স্বজনদেরও যাত্রার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে বুকিংয়ের বৈধতা, কক্ষের প্রাপ্যতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়ম মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

এ অবস্থায় কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।