খেলোয়াড় হিসেবে স্পেনে কিংবদন্তি হওয়ার পর এবার মালিক হিসেবেও দেশটির ফুটবলে নিজের উপস্থিতি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব এবং প্রথম পেশাদার ক্লাব।
ইএসপিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, এলদেন্সের বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের সাথে মেসির প্রাথমিক সমঝোতা হয়েছে। তবে মালিকানা হস্তান্তরের আগে ডিউ ডিলিজেন্সসহ কয়েকটি আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও প্রয়োজন হবে।
বর্তমানে এলদেন্সের মালিক গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডে আরও কয়েকটি ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে এই বিনিয়োগ প্রতিষ্ঠানের।
এলদেন্স কিনলে স্পেনে মেসির ক্লাব মালিকানার সংখ্যা দাঁড়াবে দুটি। চলতি বছরই তিনি পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছেন। ক্লাবটি এখনো আধা পেশাদার পর্যায়ে থাকায় এলদেন্সের মালিকানা মেসির জন্য আরও বড় পদক্ষেপ হবে।
এর বাইরে সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের সাথে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সাথেও আংশিকভাবে যুক্ত আছেন মেসি। ফলে খেলোয়াড়ি ক্যারিয়ারের পাশাপাশি ফুটবল ক্লাব বিনিয়োগেও ধীরে ধীরে নিজের পরিধি বাড়াচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।
এলদেন্স ও কর্নেয়ার মধ্যে বর্তমানে তিন বিভাগের ব্যবধান থাকায় দুটি ক্লাবের মালিকানা আপাতত বড় সমস্যা হওয়ার কথা নয়। তবে ভবিষ্যতে কর্নেয়া ওপরে উঠে এলে পরিস্থিতি বদলাতে পারে। মেসি যদি দুটি ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হন, একই বিভাগে দুই ক্লাবকে খেলানোর ক্ষেত্রে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স দীর্ঘ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে খেলেছে। ২০২৩ সালে ১৯৬৪ সালের পর প্রথমবার দ্বিতীয় বিভাগে ওঠে ক্লাবটি। ২০২৫ সালে অবনমিত হলেও এবারের গ্রীষ্মে আবার দ্বিতীয় বিভাগে ফিরে এসেছে তারা। তবে চলতি মৌসুমে ভালো সময় কাটছে না এলদেন্সের। চার ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি দলটি।
এলদেন্সের হোম ভেন্যু নুয়েভো পেপিকো আমাত। স্পেনের এলদা শহরের এই স্টেডিয়ামে একসাথে ৫ হাজার ৭৭৬ দর্শক খেলা দেখতে পারেন। মেসির মালিকানায় এলে ঐতিহ্যবাহী ক্লাবটির সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।


