অভিনয়ে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকপ্রিয়তা অর্জন করা জিয়াউল ফারুক অপূর্ব এবার প্রথমবারের মতো গায়ক হিসেবে মঞ্চে উঠছেন। তবে তার গান সরাসরি উপভোগ করতে দর্শকদের খরচ করতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ।
আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই আয়োজন। রাত ৮টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলবে অনুষ্ঠানটি, যেখানে নিজের কণ্ঠে বেশ কয়েকটি গান পরিবেশন করবেন এই অভিনেতা।
আয়োজক সূত্রে জানা গেছে, টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ মার্কিন ডলার -বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে প্রায় ১২ হাজার ৩০০ ও ৩৭ হাজার টাকা। অর্থাৎ সর্বনিম্ন মূল্যেও অপূর্বর গান সরাসরি শুনতে হলে দর্শকদের গুনতে হবে ১২ হাজার টাকার বেশি। আসনসংখ্যা সীমিত বলেও জানিয়েছেন আয়োজকরা।
কনসার্টের ঘোষণার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছেন অপূর্ব নিজেও। এ প্রসঙ্গে দেওয়া এক পোস্টে তিনি ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ঘোষণার পর মাত্র একদিনের মধ্যেই এমন সাড়া পাবেন তা তিনি ভাবতেও পারেননি এবং এই ভালোবাসা তার এই যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।
আয়োজনের পোস্টারে একে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ নামে অভিহিত করা হয়েছে। দীর্ঘদিন অভিনয়ে পরিচিত এই তারকাকে এবার গায়কের ভূমিকায় সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাভাষী দর্শকরা।
অভিনয়ে আসার আগে প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল অপূর্বর। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার পাশাপাশি নিয়মিত গানচর্চাও করতেন তিনি এবং একসময় সংগীতকেই পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল তার। তবে শেষ পর্যন্ত অভিনয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। এবার সেই পুরোনো শখকেই নতুন করে দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা।


