...|...|...

জাতীয়

এপিএসের পর এবার ব্যক্তিগত কর্মকর্তাকেও সরালেন খাদ্যমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৩
Shares
এপিএসের পর এবার ব্যক্তিগত কর্মকর্তাকেও সরালেন খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরের সূচি তৈরির ঘটনায় এবার মন্ত্রীর দফতরের ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রীর নির্দেশে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এর আগে একই ঘটনায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াম বুলবুলকে চাকরিচ্যুত করা হয়েছিল।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ক্ষেমালিকা চাকমা রফিকুল ইসলামকে দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে সরানোর কারণ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করেননি তিনি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য একটি সরকারি সফরসূচি জারি করা হয়। ওই সূচি অনুযায়ী, ১১ অক্টোবর পরিদর্শনে যান এপিএস আবদুল আওয়াম বুলবুল। সফরসূচিটি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা হয়েছিল।

সফরসূচিতে উল্লেখ করা হয়, ঢাকার মোহাম্মদপুরে আবদুল আওয়াম বুলবুলের বাসা থেকে যাত্রা শুরু হবে এবং পরিদর্শন শেষে সেখানেই ফিরে আসবেন তিনি। সফরের প্রয়োজনীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে সূচির অনুলিপি পাঠানো হয়। এ ছাড়া জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করতে খাদ্য অধিদফতরের পরিবহন পুলের পরিচালককেও অনুলিপি দেওয়া হয়েছিল। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রের দাবি, এ সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আফরোজা খানম আগে থেকে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তী সময়ে এপিএসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবার তাকেও দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।