...|...|...

জাতীয়

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৬
Shares
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। রবিবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর এবং এ-সংক্রান্ত বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি।

তিনি আরও জানান, সৌদি আরবের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি তাদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।