...|...|...

সারাদেশ

ইয়াবা-গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা ছাত্রদল নেতা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৮
Shares
ইয়াবা-গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা ছাত্রদল নেতা

ছাত্রদল নেতা আব্দুল বারী আকন্দ হীরা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

আটক অন্য তিনজন হলেন মদন দক্ষিণ পাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক মিয়া (৩২) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)। আব্দুল বারী আকন্দ হীরা (৩০) কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যান।

এদিকে, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান। তিনি জানান, বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে অবহিত করা হয়েছে। তদন্তের পর জেলা কমিটি আব্দুল বারী আকন্দ হীরার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।