নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)। তারা সম্পর্কে দুই ভাই।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, আর্থিং তারটি কোনমতে বিদ্যুতায়িত হয়েছিল। এ কারণেই দুই শিশু বিদ্যুতায়িত হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


