...|...|...

সারাদেশ

জানাজা থেকে মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৫
Shares
জানাজা থেকে মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম জয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে জানাজায় অংশ নিতে এসে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক শামসুল হক চ্যাম্পিয়নও স্থানীয় যুবদলের বহিষ্কৃত নেতা। তিনি মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাজহারুল ইসলাম জয়কে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাজহারুল ইসলাম জয় ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। তিনি আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি কবরস্থানের পাশে তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি রেখে জানাজায় অংশ নেন।

জানাজা শেষে প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে মোটরসাইকেলটি আর দেখতে পাননি তিনি। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মদন থানায় অভিযোগ করেন শামসুল হক চ্যাম্পিয়ন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়।

পুলিশ জানায়, ফুটেজে থাকা যুবকের পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়। প্রোফাইলে থাকা একাধিক ছবি পর্যালোচনা করে সিসিটিভি ফুটেজের যুবকের সঙ্গে মিল পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম জয়কে গ্রেফতার করা হয়।

জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকায় একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত স্থান থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, জয়ের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জয় আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

এদিকে শামসুল হক চ্যাম্পিয়নের বহিষ্কারের বিষয়টি মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল নিশ্চিত করেছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। ফুটেজে ওই যুবকের পরিহিত পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়। তার প্রোফাইলে থাকা একাধিক ছবি পর্যালোচনা করে সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে মিল পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম জয়কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার একটি দোকানের পাশ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে চুরির ঘটনার সঙ্গে জয়সহ একটি চক্র জড়িত থাকতে পারে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।