...|...|...

ক্যাম্পাস

শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না, হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৫
Shares
শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না, হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের সাইকেল গ্যারেজ উদ্বোধন নিয়ে প্রভোস্টের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ‘শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না’ বলে মন্তব্য করেন এক ছাত্রদল কর্মী।

রবিবার (১৫ নভেম্বর) প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় হল শাখা ছাত্রদলের কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ্য করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না। আপনি শিবির নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?

মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা অভিযোগ করে বলেন, সাইকেল গ্যারেজ নির্মাণ এবং গ্রিল স্থাপনের মাধ্যমে এর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তারা আগে থেকেই জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের মাত্র ১০ থেকে ১৫ মিনিট আগে তাদের জানানো হয়েছে, অথচ শিবির নেতাদের অনেক আগেই জানানো হয়। হল প্রভোস্ট শিবির নেতাদের বেশি গুরুত্ব দেন এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করেন।

অন্যদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, সাইকেল গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শিবিরের নেতা হিসেবে নয়, হল সংসদের সাবেক ভিপি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

হল প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে তিনি বলেন, গ্যারেজ নির্মাণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। হল সংসদ থাকাকালীনই এটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন তাদের জন্য বিষয়টি সহজ করেনি।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার বলেন, কাউকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে এসেছেন। গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছিল। রোববার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন।

বাকবিতণ্ডার সময় হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাত এবং ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আব্দুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।