...|...|...

রাজধানী

ক্যাম্পাসে চাঁদাবাজি

খিচুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪০
Shares
খিচুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

ঢাকা কলেজ ছাত্রদল কর্মী আমান। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ক্যাম্পাসে চাঁদার বিনিময়ে ব্যবসার সুযোগ করে দেওয়া এবং পরিচয় প্রকাশ করায় রাজিব নামে এক খিচুড়ি বিক্রেতাকে মারধর ও ১ লক্ষ টাকা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী আমান উল্লাহ আমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কলেজের বিপরীত পাশের তেল পাম্পের সামনে তাকে মারধর করা হয়।

জানা গেছে, খিচুড়ি বিক্রেতা রাজিব প্রায় এক বছর ধরে ঢাকা কলেজ হল পাড়ায় খিচুড়ি বিক্রি করতেন। সাপ্তাহিক চাঁদার বিনিময়ে ছাত্রদলের কর্মী আমান উল্লাহ আমান তাকে ক্যাম্পাসে ব্যবসা করার সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে।

ক্যাম্পাস সংস্কারের অংশ হিসেবে উত্তর হলের প্রভোস্ট তার দোকানটি উঠিয়ে দেন। পরে তিনি হল মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে আবার দোকান বসান। পরবর্তী সময়ে তাকে সেখান থেকেও দোকান সরিয়ে নিতে বলা হলে তিনি ক্যাম্পাস ছেড়ে চলে যান। এ সময় ওই খিচুড়ি বিক্রেতা ক্যাম্পাসে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে আমান উল্লাহ আমানের সম্পৃক্ততার কথা প্রকাশ করেন।

অভিযুক্ত আমান উল্লাহ আমান ঢাকা কলেজের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজ শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সহ -দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আমান উল্লাহ আমান কলেজটির যুগ্ম আহ্বায়ক জিয়া খন্দকারের অনুসারী বলে জানা গেছে। 

ভুক্তভোগী খিচুড়ি বিক্রেতা রাজিব হোসেন বলেন, গতকাল মিল্লাদ ভাই আমার দোকান উঠিয়ে দেন। তিনি আমার কাছে জানতে চান, কার অনুমতিতে ক্যাম্পাসে গাড়ি বসিয়েছি। আমান উল্লাহ আমান আমাকে ক্যাম্পাসে ব্যবসা করার জন্য নিয়ে এসেছেন বলে জানাই। এরপর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে আসছিলাম।

তিনি বলেন, নায়েমের গলির মাথায় পৌঁছালে আমান কয়েকজন ছেলেকে সাথে নিয়ে কোনো কথা ছাড়াই আমাকে মারধর শুরু করে। এরপর তেলের পাম্পের পেছনে নিয়ে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করা হয়। মারধরের একপর্যায়ে আমান আমাকে জিজ্ঞেস করে, আমি কেন তার নাম বলেছি। আমি তাকে বলি, যা সত্য, সেটাই বলেছি। এরপর তারা আমার কয়েকটি ভিডিও ধারণ করতে চায় ও ভিডিও না বানালে আমাকে  হত্যার হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক কয়েকটি ভিডিও ধারণ করা হয়।

রাজিব আরও অভিযোগ করেন, এরপর আমান তার কাছে এক লাখ টাকা দাবি করে। আমান তাকে বলে, ‘তুই এতদিন ব্যবসা করেছিস, এই ব্যবসা থেকে আমাকে পার্সেন্টেজ দিতে হবে।’ এভাবে বিভিন্ন কথা বলে তাকে ভয়ভীতি দেখানো হয়। ১ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তার কাছে থাকা ৬৫০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমানই তাকে ক্যাম্পাসে ব্যবসা করার সুযোগ করে দিয়েছিলেন। এর বিনিময়ে প্রতি সপ্তাহে তাকে ২ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিতে হতো। আমান যেদিন টাকা চাইতেন, সেদিনই টাকা পরিশোধ করতে হতো। অন্যথায় তিনি চিৎকার-চেঁচামেচি ও গালমন্দ করতেন।

এ অভিযোগ অস্বীকার করে আমান উল্লাহ আমান বলেন, আমাকে টাকা দিতো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সে আমার নাম বলছে, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে কেউ তাকে পিছনে ইন্ধন দিয়ে আমাকে ফাসানোর চেষ্টা করতেছে। টাকা একজন সিনিয়র বড় ভাই নিত। কিন্ত সে মিথ্যা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। 

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখা হবে। একই সাথে এ ঘটনায় আমানের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।