জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ডাইনিং ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন শিক্ষার্থীরা।
খাবারের নিম্নমান, অপর্যাপ্ত পরিমাণ, চড়া দাম, অস্বাস্থ্যকর রান্নার পরিবেশ ও বিশুদ্ধ পানির সংকটের অভিযোগের মধ্যেই বিভিন্ন সময় খাবারে মিলেছে তেলাপোকা, টিকটিকি ও পোকামাকড়ের লার্ভা বা শুঁয়োপোকা।
সর্বশেষ রবিবার (১৫ নভেম্বর) বিদ্রোহী হলের ডাইনিংয়ে খাবার গ্রহণের সময় এক শিক্ষার্থী খাবারের মধ্যে পোকামাকড়ের লার্ভা বা শুঁয়োপোকা দেখতে পান। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের একটি হলের ডাইনিংয়ের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগও ওঠে।
এর আগে গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার ঘটনা ঘটে। ওই দিন দুপুরে খাবার খেতে গিয়ে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর টিকটিকিটি দেখতে পান শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি বিষয়টি ডাইনিং পরিচালককে জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করেন।
এ ঘটনায় ডাইনিং পরিচালক আলামিন জানান, সিলিং থেকে টিকটিকিটি ভাতের পাতিলে পড়ে যায়। পাতিলের ঢাকনা খোলা থাকায় বিষয়টি আগে কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর ওই পাতিলের সব ভাত ফেলে দেওয়া হয়।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদও বিষয়টি অনিচ্ছাকৃত উল্লেখ করে ডাইনিং পরিচালককে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার কথা জানান।
খাবারের মান, পরিমাণ ও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ
শুধু খাবারে পোকামাকড় পাওয়ার ঘটনা নয়, হলের ডাইনিংগুলোর খাবারের মান, পরিমাণ ও মূল্য নিয়েও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, খাবারের দাম বাড়লেও সে তুলনায় খাবারের পরিমাণ ও মান বাড়েনি। অনেক ক্ষেত্রে আগের রাতের অবশিষ্ট খাবার পরদিন গরম করে পরিবেশন করা হয়। রান্নার পরিবেশ অপরিষ্কার থাকার পাশাপাশি একই তেল বারবার ব্যবহার করার অভিযোগও রয়েছে।
শিক্ষার্থীদের দাবি, অভিযোগের পরিপ্রেক্ষিতে কখনো কখনো ডাইনিং পরিচালক পরিবর্তন করা হলেও শুরুতে কয়েক দিন খাবারের মান ভালো থাকলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়। এ ছাড়া ভাত, মাছ ও মাংসের পরিমাণ নিয়েও অসন্তোষ রয়েছে তাদের।
শিউলীমালা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলের খাবারের মান নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ভাতের চাল অনেক মোটা, আর তরকারিও অনেক সময় ঠিকমতো সিদ্ধ করা হয় না। বর্তমানে হাফ ভাতের পরিমাণও আগের তুলনায় বেশ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তরকারি পার্সেল নিলেও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় না। খিচুড়ির ক্ষেত্রেও কোনো ধরনের সবজি দেওয়া হয় না। এসব বিষয় নিয়ে এর আগেও প্রভোস্ট ম্যাডামের সাথে কথা বলেছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘তাদেরও তো ব্যবসা করতে হয়, মেয়েরা ডাইনিংয়ে কম খায়।’
দোলনচাঁপা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলের ডাইনিং এ সম্প্রতি চালের মান কিছুটা কমে গেছে। মাঝে মাঝে ভাতে পোকা পাওয়া যায়। অনেক সময় আগের রাতের সবজি গরম করে পরিবেশন করা হয় এবং হলে একই ধরনের খাবার বারবার রান্না করা হয়। আগে আমাদের হলে ভাত ফ্রি ছিল, এখন প্রতি প্লেট ১০ টাকা করে নেয়। হল প্রশাসনের নিয়মিত তদারকি, রান্নায় বৈচিত্র্য ও নতুন খাবার সংযোজন করলে খাবারের মান আরও উন্নত হবে।’
অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষার্থী নাইম হোসেন বলেন, ‘ছেলেদের দুই হলের খাবারের মান প্রায় একই। কোথাও ভাত ভালো, কোথাও সবজি। তবে খাবারকে খুব একটা স্বাস্থ্যকর বলা যায় না। একটু আগেই খাবারে পোকা পেয়েছি। স্টাফদের ব্যবহারও কখনো ভালো, কখনো খারাপ। আগে এখানে ভাত ৮ টাকা ছিল, এখন ১০ টাকা করেছে। হল প্রশাসনের কাছে দাবি, খাবারে ভর্তুকি দেওয়া হোক এবং রান্নার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হোক, যাতে পোকা বা অস্বাস্থ্যকর কিছু না পাওয়া যায়। অনেক সময় আগের দিনের সবজি ফ্রিজে রেখে পরদিন পরিবেশন করা হয়। প্রতিদিনের খাবার সেদিনই শেষ করা উচিত।’
বিদ্রোহী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলের খাবারের মান খুবই খারাপ। ভাত মোটা, তরকারি অনেক সময় আধা সিদ্ধ থাকে। হাফ ভাত ও পার্সেলে তরকারির পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। খিচুড়িতেও কোনো সবজি থাকে না।
এ ছাড়া ডাইনিংয়ের পরিবেশ অস্বাস্থ্যকর। ফ্রিজ ও অন্যান্য জিনিসপত্র অপরিষ্কার থাকে, পচা সবজি রান্নায় ব্যবহার করা হয়, তেল বারবার ব্যবহার করা হয় এবং খাবার ঢেকে রাখা হয় না। প্রায়ই খাবারে পোকামাকড় পাওয়া যায়। বেসিনে সাবানও থাকে না। মূলত তদারকির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’
পুষ্টি ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ আবাসিক হলে থেকে ডাইনিংয়ের খাবারের ওপর নির্ভরশীল। ফলে খাবারের মান ও পুষ্টিগুণের ঘাটতি তাদের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের অভিযোগ, তুলনামূলক বেশি দাম দিয়েও তারা পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পাচ্ছেন না।
বিশেষজ্ঞদের মতে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, বাসি খাবার পরিবেশন এবং রান্নায় অনিরাপদ উপকরণ ব্যবহার খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে খাবারে পোকামাকড় বা টিকটিকির মতো প্রাণীর উপস্থিতি রান্না ও খাবার সংরক্ষণে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে।
প্রশাসনের নজরদারি কতটা কার্যকর?
খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে শিউলীমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা বলেন, ‘আমরা নিয়মিতভাবে খাবারের মান যাচাই করি এবং কোনো ত্রুটি চোখে পড়লে সাথে সাথে সংশ্লিষ্টদের তা ঠিক করতে নির্দেশ দিই। ভবিষ্যতে যেন নিম্নমানের চাল ব্যবহার না হয়, খাবারে কোনো পোকা বা অস্বচ্ছতা না থাকে এবং রান্নার স্বাদে বৈচিত্র্য আসে, সেদিকে কঠোর নজরদারি করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে মেনুতে নতুন ধরনের খাবার যুক্ত করার উদ্যোগও নেওয়া হবে।’
এদিকে খাবারে বারবার পোকামাকড় পাওয়ার ঘটনা এবং ডাইনিংয়ের সার্বিক পরিবেশ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানতে চাইলে হল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত কর্মচারী বাবুর্চি থাকে। তবে আমাদের এখানে হলের ক্যান্টিনগুলো বাইরের মািলকদের কাছে ইজারা দেয়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আলাদা ভর্তুকী না থাকায় যথাযথ সাশ্রয়ী মূল্যে খাবারের মান ঠিক রাখা যাচ্ছে না। তবে এ বিষয়ে আমরা কাজ করছি। পরিচ্ছন্নতার বিষয়টি তদরকি করা হচ্ছে এবং অচিরেই একটি প্রক্রিয়ার মাঝে এসে সুলভ মূল্যে খাবার নিশ্চিত করা হবে।

