...|...|...

বিশ্ব

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৮
Shares
ইসরায়েলে বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দেশটির ক্যাফর কারা এলাকার কাছে ৬৪ নম্বর মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

জেরুজালেম পোস্টের বরাতে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, হাদেরা স্টেশন থেকে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমান বিধ্বস্তের পর ছড়িয়ে পড়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে জানানো হয় যে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল।

এই দুর্ঘটনার পর ইসরায়েল পুলিশ নিরাপত্তার স্বার্থে ৬৪ নম্বর মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এর জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ ও প্যারামেডিকরা ঘটনাস্থলে ৩৪ বছর বয়সী এক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেন। শরীরে দগ্ধ ক্ষত নিয়ে তাকে মাঝারি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সে সময় বিমানটির ভেতরে আরও একজন ব্যক্তি আটকা পড়ে আছেন বলে জানানো হয়েছিল।

পরবর্তীতে ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি নিশ্চিত করে যে, বিমানের ভেতরে আটকা পড়া সেই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন।