রাশিয়া-সংশ্লিষ্ট ‘A7 নেটওয়ার্ক’-এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইরানের রেল ও গাড়ি নির্মাণ খাতের কয়েকটি বড় প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পেট্রোলিয়াম খাতের মতো ইরানের গাড়ি ও রেল শিল্পও দেশটির শাসকগোষ্ঠী এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণে চলে গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ইরান খোদ্রো কোম্পানি’ এবং ‘সাইপা ইরানিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি’কে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ইরানের অভ্যন্তরীণ গাড়ি বাজারের ৯০ শতাংশেরও বেশি অংশ এই দুই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।
ট্রেজারি বিভাগ আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান রেল ও গাড়ি শিল্পের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, রেল ও গাড়ি শিল্প এখন ইরানের শাসকগোষ্ঠীর আয়ের গুরুত্বপূর্ণ উৎসের পাশাপাশি দেশটির লজিস্টিক ও পরিবহন সক্ষমতারও বড় ভিত্তি।
বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইরানের অর্থনীতি সচল রাখা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রে সহায়ক গুরুত্বপূর্ণ আর্থিক ও পরিবহন মাধ্যমগুলোর ওপর চাপ বাড়ানো।
এর আগে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের সামরিক ও আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করে একাধিক নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।


