তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রায় ৩০ লাখ ইউরোর বকেয়া ঋণ আদায়সংক্রান্ত আদালতের নির্দেশে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিমানটি আটকে দেওয়া হয়। সংবাদমাধ্যম রয়া নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জব্দ হওয়া বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটির নিবন্ধন নম্বর EP-KPB। ইরানের উদ্দেশে যাত্রার আগে যাত্রী ওঠানো শেষ করার পর বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাওনাদার প্রতিষ্ঠানের আইনজীবী ও আদালতের কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে এর উড্ডয়ন ঠেকান। পরে যাত্রী ও কেবিন ক্রুদের বিমান থেকে নামিয়ে টার্মিনালে ফেরত পাঠানো হয়।
তুরস্কের এভিয়েশন প্রতিনিধিত্ব ও তদারকি প্রতিষ্ঠান ‘এসিএম তেমসিল গোজেতিম’ ক্যাস্পিয়ান এয়ারলাইন্সের কাছে প্রায় ৩০ লাখ ইউরো পাওনা দাবি করে। এ পাওনা আদায়ে আইনি প্রক্রিয়া শুরু হলে আদালত বিমানটি জব্দের নির্দেশ দেয়।
ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনও বিমান আটকের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, বিমানবন্দরসংশ্লিষ্ট সেবার বকেয়া অর্থ নিয়ে বিরোধের জেরে তুরস্কের আদালত এই সিদ্ধান্ত দেয়।
ক্যাস্পিয়ান এয়ারলাইন্স বলেছে, বিষয়টি তুরস্কে চলমান একটি প্রশাসনিক ও আইনি জটিলতা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ফ্লাইট ব্যবস্থাও নেওয়া হয়েছে।
তেহরানভিত্তিক ক্যাস্পিয়ান এয়ারলাইন্স ১৯৯৩ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি ইরানের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি তুরস্কসহ সীমিত কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
এদিকে ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের কারণে ইরানের বেসামরিক বিমান চলাচল খাত নানা সীমাবদ্ধতার মুখে রয়েছে। তবে ইস্তাম্বুলে এই বিমান জব্দের সরাসরি কারণ ছিল বকেয়া ঋণসংক্রান্ত আদালতের নির্দেশ।


