...|...|...

বিশ্ব

ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৩
Shares
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

ছবি: সংগৃহীত

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব পেয়েছেন একজন নারী। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ফাতিমা ইজ্জাহরা এল মানসৌরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে আরব বিশ্বেও দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন তিনি। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজপ্রাসাদের এক বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়। ৫০ বছর বয়সী এল মানসৌরি এর আগে নগর পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্বে রয়েছেন।

নিয়োগের পর টেলিভিশনে দেওয়া ভাষণে ঘটনাটিকে ‘সত্যিই ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেন এল মানসৌরি। তিনি বলেন, মরক্কোর ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন এবং বিষয়টি দেশটির নারীদের জন্যও গর্বের।

গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে এল মানসৌরির নেতৃত্বাধীন রাজতন্ত্র-ঘনিষ্ঠ অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পেয়েছে। দলটি পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টিতে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাদের অন্য দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে।

ফলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে এল মানসৌরির প্রথম বড় রাজনৈতিক কাজ হবে একটি কার্যকর জোট সরকার গঠন। পিএএম সব দলের সঙ্গে আলোচনার আগ্রহ দেখালেও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি)সহ কয়েকটি দল বিরোধী দলে থাকার কথা জানিয়েছে।

২০০৮ সালে রাজার ঘনিষ্ঠ ফুয়াদ আলি এল হিম্মার উদ্যোগে পিএএম প্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক নির্বাচনে দলটি সবচেয়ে বেশি আসন পেলেও এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছাতে পারেনি।

এল মানসৌরির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে বড় দায়িত্বগুলোর একটি হবে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন উন্নয়ন ও বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো।

তিউনিসিয়ার নাজলা বুদেনের পর আরব বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন এল মানসৌরি। বুদেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৭৬ সালে মারাকেশে জন্ম নেওয়া এল মানসৌরি আইন বিষয়ে পড়াশোনা করেন। ফ্রান্সের মন্টপেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও আইন বিষয়ে পড়াশোনা করেছেন।

২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে তার উত্থান শুরু হয়। তিনি ছিলেন শহরটির প্রথম নারী মেয়র। পরবর্তীতে ২০২১ সালে আবারও মারাকেশের পৌর নেতৃত্বে ফেরেন এবং একই বছর জাতীয় সরকারে নগর পরিকল্পনা, আবাসন ও নগর নীতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।