...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধ শেষের পথে, তেহরান সাথে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৬
Shares
ইরান যুদ্ধ শেষের পথে, তেহরান সাথে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের অবসান ঘটার সময় ঘনিয়ে এসেছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়টি এখন তাদের হাতের নাগালেই রয়েছে এবং দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগও হয়েছে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সাংবাদিকরা সম্প্রতি ইরানের পক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কি না—এমন প্রশ্ন করলে ট্রাম্প জানান যে তিনি ইরানি কর্মকর্তাদের সাথে ‘সরাসরি’ কথা বলেছেন। তিনি আবারও জোর দিয়ে বলেন যে তেহরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ আগ্রহী।

গত প্রায় সাত মাস ধরে চলা এই সামরিক সংঘাত থেকে কূটনৈতিক উপায়ে বের হয়ে আসার বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো চুক্তি বা যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তেহরানের সতর্ক অবস্থান ট্রাম্প ‘সরাসরি যোগাযোগের’ কথা বললেও তেহরান প্রকাশ্যে ঠিক এই সুরে কথা বলছে না। এর আগে, ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার দাবিটিকে খাটো করে দেখেছেন বা অস্বীকার করেছেন। তবে তারা বারবার বলে আসছেন যে যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ায় অবশ্যই ইরানের সার্বভৌমত্ব ও স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এদিকে, বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে জুন মাসের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করা এবং অর্থবহ আলোচনায় ফিরে আসার তাগিদ দেন ওয়াং ই। অন্যদিকে আব্বাস আরাঘচি জানান, নিজেদের রক্ষায় ইরান এখনও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে দেশের স্বার্থ ও অধিকার সুরক্ষিত হয়—এমন যেকোনো কূটনৈতিক পথকে তারা স্বাগত জানাতে প্রস্তুত।