...|...|...

বিশ্ব

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে এই সের্গেই কোরেৎস্কি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, দুপুর ২:১৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১০:২৯
Shares
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী কে এই সের্গেই কোরেৎস্কি

ছবি : সংগৃহীত

যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির শীর্ষ জ্বালানি খাতের কর্মকর্তা সের্গেই কোরেৎস্কি। তার নিয়োগ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। খবর আনাদোলু এজেন্সি

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে বলা হয়, কোরেৎস্কি হলেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী। এর আগে দেশটির সরকার পরিচালনায় থাকা দুই প্রধানমন্ত্রীর পর তিনি এখন যুদ্ধকালীন ইউক্রেনকে সামলানোর দায়িত্ব পেলেন।

৪৮ বছর বয়সী কোরেৎস্কি পেশায় একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এর আগে তিনি কখনও সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো রাজনৈতিক দলের সাথেও তার সরাসরি সম্পৃক্ততা নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই নিরপেক্ষ অবস্থানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সুবিধা তৈরি করেছে। ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কো বলেন, একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়ায় কোরেৎস্কির দায়িত্ব পালন সহজ হবে।

কোরেৎস্কি ইউক্রেনের জ্বালানি খাতে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তেল উৎপাদন, পরিশোধন, জ্বালানি সরবরাহ, পাইকারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থার বড় অংশ নিয়ন্ত্রণ করে। এর আগে তিনি ইউক্রেনের বৃহত্তম তেল কোম্পানি ইউক্রনাফতার প্রধান ছিলেন, যা নাফতোগাজ গ্রুপের একটি প্রতিষ্ঠান।

রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে কোরেৎস্কি ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিউম গ্রুপ এবং ইউক্রেনের বড় জ্বালানি স্টেশন চেইন ডব্লিউওজির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্কে জন্ম নেয়া কোরেৎস্কি ব্যবসা খাতেও যুক্ত ছিলেন এবং একটি কফি চেইন ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন।