বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি গাড়ি উৎপাদন খাতে বিনিয়োগের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন জাপানের টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা। বৈঠকে বিনিয়োগের সম্ভাবনা, শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি। বৈঠকে তারা বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্প গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে টয়োটা।
টয়োটার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সরকারের প্রতিশ্রুতির কথা জানান তিনি।
বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনাও তুলে ধরা হয়। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
টয়োটা কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে তাদের গাড়ি ও সেবার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও বিস্তৃত করে সব বিভাগীয় পর্যায়ে নেওয়ার কার্যক্রম চলছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে টয়োটার সেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া একটি অর্থনৈতিক অঞ্চলে ২০২৭ সালে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) ও ইলেকট্রিক গাড়ি উৎপাদনের জন্য শিল্প স্থাপনের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে টয়োটা বাংলাদেশের। ‘বাংলাদেশের সাথে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে নেওয়া এই উদ্যোগ ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে টয়োটা। বিশেষ করে তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী জনবল তৈরিতে সম্ভাব্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


