...|...|...

জাতীয়

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৯
Shares
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়াতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিংসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রশংসা করেন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রেও কানাডার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

বৈঠকে কানাডার হাইকমিশনার দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ ও কানাডার মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। একই সাথে বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিংসহ বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে কারিগরি শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহায়তা বাড়ানোর অনুরোধ করেন রাষ্ট্রপতি।

বৈঠকে কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করেন হাইকমিশনার অজিত সিং।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাইকমিশনার জানান, রোহিঙ্গাদের জন্য কানাডা সরকার এখন পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।

রোহিঙ্গা সংকটে অব্যাহত সহযোগিতার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। একই সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টিতে কানাডার কার্যকর ভূমিকা কামনা করেন তিনি।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশি দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির সচিবরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিসও বৈঠকে অংশ নেন।