...|...|...

সারাদেশ

আলমারিতে ছিল বিষধর সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, সকাল ৭:৪৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৪
Shares
আলমারিতে ছিল বিষধর সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রান্নাঘরের র‍্যাকে লুকিয়ে থাকা একটি বিষধর সাপের ছোবলে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে ঘটনা ঘটে। পরে বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহানাজ আক্তার একই গ্রামের বাসিন্দা জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্বজনদের বরাতে স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, দুপুরে রান্নার সময় শাহানাজ রান্নাঘরের র‍্যাক থেকে পেঁয়াজ নিতে হাত বাড়ালে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে বেলা আড়াইটার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল সাড়ে চারটার দিকে শাহানাজ আক্তারের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়ে থানায় কোনো অভিযোগ বা তথ্য জানানো হয়নি।