হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামের নিজ বাড়ির পাশের নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাদিয়া আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী। তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতে থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তারের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল। এর আগে তিনি কয়েকবার পানিতে নামার চেষ্টা করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। রবিবার সকালে বাড়ির পাশের নদীর পানিতে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাজল দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এসআই কাজল দেব বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।


