...|...|...

সারাদেশ

নেশার টাকার জন্য সন্তান বিক্রি, গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩১
Shares
নেশার টাকার জন্য সন্তান বিক্রি, গ্রেফতার ৩

ছবি: টাইমস টুডে

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে নিজের ১১ মাসের কন্যাসন্তানকে ১০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া মাদকাসক্ত বাবা এবং এ ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে উদ্ধার করা হয়েছে বিক্রি হয়ে যাওয়া শিশু ফাতেমা আক্তার জান্নাতকে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন এলাকায় অভিযানের পর রাতে ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকার সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে ডিবির একটি দল।

এ সময় গ্রেফতার করা হয় শিশুটির অভিযুক্ত বাবা হামিদুল মিয়া, বাস হেলপার মজিদ এবং মোরশেদা বেগম।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে সাদুল্লাপুরের সারবাজার এলাকা থেকে অভিযুক্ত মূল আসামি হামিদুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টায় রংপুর জেলার পীরগঞ্জের রায়পুর ছোট ওমরপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে মজিদকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে আজ সন্ধ্যার দিকে ফুলছড়ির মদনের পাড়া থেকে মোরশেদা বেগমকে আটক করা হয় এবং সেখানকার এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই গাইবান্ধা সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় রুমানা আক্তারের বাবার বাড়ি থেকে শিশুকন্যা জান্নাতকে জুস কিনে দেওয়ার কথা বলে নিয়ে সটকে পড়ে মাদকাসক্ত স্বামী হামিদুল। দুই দিন পর মোবাইল ফোনে স্ত্রী রুমানার কাছে ১০ হাজার টাকা দাবি করে সে, অন্যথায় সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকি দেয়। টাকা দিতে না পারায় শিশুটিকে বিক্রি করে লাপাত্তা হয়ে যায় হামিদুল।

ডিবি পুলিশ ওসি আব্দুল মোত্তালিব সরকার জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার হওয়া শিশু জান্নাতকে তার মা রুমানা আক্তারের কোলে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।