...|...|...

খেলা

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শাকিরার পাশে কে ছিলেন?

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, বিকেল ৪:৪৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৪
Shares
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শাকিরার পাশে কে ছিলেন?

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ চলাকালে গ্যালারির একটি দৃশ্য ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তোলে। ডালাস স্টেডিয়ামের লাক্সারি বক্সে বসে খেলা উপভোগ করছিলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে, এক কিশোর তার গালে চুমু খাচ্ছেন। দৃশ্যটি ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল জল্পনা। তবে দ্রুতই সেই রহস্যের জট খুলেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, শাকিরার গালে চুমু খাওয়া ওই ‘অচেনা’ কিশোর আর কেউ নন, তিনি তারই ১৩ বছর বয়সী বড় ছেলে মিলান।

সেদিন ম্যাচ চলাকালে কলম্বিয়ান সুপারস্টার শাকিরার দিকে যখন টেলিভিশনের ক্যামেরা তাক করা হয়, তখন দর্শকরা দেখতে পান- তার বাঁ পাশে বসে থাকা একজন তার গালের কাছে ঝুঁকে এসে চুম্বন করছেন। ক্যামেরার অ্যাঙ্গেল এবং ওই ব্যক্তির মুখ কিছুটা অস্পষ্ট থাকার কারণে মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

লাইভ সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যেই এই ঘটনার ক্লিপ এক্সে (সাবেক টুইটার) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তি আসলে কে, তা নিয়ে ভক্তরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। এক ভক্ত প্রশ্ন তোলেন, ‘শাকিরা কি ঠিক আছেন?’ অন্য একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘শাকিরাকে জোর করে চুম্বন করার চেষ্টা করা এই লোকটি কে?’

তবে শাকিরা ভক্তদের এই উদ্বেগ যত দ্রুত ছড়িয়ে পড়েছিল, ঠিক তত দ্রুতই তা উধাও হয়ে যায়। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’ পরে নিশ্চিত করে, রহস্যময় ওই ব্যক্তি আসলে অন্য কেউ নন, তিনি শাকিরার ১৩ বছর বয়সী ছেলে মিলান। সাদা বেসবল ক্যাপ ও কালো পোলো শার্ট পরা এই কিশোর ক্যামেরার দৃষ্টি থেকে আংশিক আড়ালে থাকায় মূলত এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

ভক্তরা যখন বুঝতে পারেন যে এটি নিছকই মা-ছেলের স্নেহপূর্ণ একটি মুহূর্ত ছিল, তখন পুরো প্রেক্ষাপট বদলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন মন্তব্যের সুর পাল্টে যায়। এক ভক্ত লেখেন, ‘কী চমৎকার একটি পারিবারিক মুহূর্ত!’ অন্য একজন যোগ করেন, ‘শাকিরা তাঁর দুই কলিজার টুকরোর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে আছেন।’

শাকিরা সেদিন দুই ছেলে মিলান ও শাশাকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করতে এসেছিলেন। সাবেক স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে তার এই দুই সন্তানের বাবা। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০২২ সালে আলাদা হয়ে যান এই তারকা জুটি। পরে সন্তানদের দায়িত্ব পান শাকিরা। দুই ছেলেকে নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবাস করছেন।

বিশ্বকাপ ফুটবলের সঙ্গে শাকিরার সংযোগ অত্যন্ত গভীর ও আবেগের। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’-এর মিউজিক ভিডিও চিত্রায়ণের সময়ই পিকের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল। তখন থেকেই ফুটবলের অন্যতম সেরা মিউজিক্যাল অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত শাকিরা। টেক্সাসে পৌঁছানোর আগে, এবারের বিশ্বকাপের মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফিফার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অফিশিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ পরিবেশন করে দর্শক মাতান এই পপ আইকন।