...|...|...

বিশ্ব

আবাসন সংকটের চাপে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
আবাসন সংকটের চাপে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

পার্লামেন্টে আবাসন সংকট মোকাবিলায় সরকারের প্রস্তাবিত জরুরি পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে ভোট অনুষ্ঠিত হবে বলে সোমবার (৫ অক্টোবর) জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার স্পেনের পার্লামেন্টে আবাসনসংক্রান্ত দুটি জরুরি ডিক্রি পাস করাতে ব্যর্থ হয় সানচেজের সংখ্যালঘু সরকার। প্রস্তাবগুলোতে ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের উচ্ছেদ সাময়িকভাবে স্থগিত রাখা, ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানো এবং সাশ্রয়ী বাসস্থানের সরবরাহ বাড়ানোর মতো ব্যবস্থা ছিল। তবে বিরোধী দলগুলোর ভোটে সেগুলো প্রত্যাখ্যাত হয়।

পার্লামেন্টে এই পরাজয় ছিল মধ্য-বামপন্থী নেতা সানচেজের জন্য সাম্প্রতিক সময়ের আরেকটি বড় রাজনৈতিক ধাক্কা। এর পরদিনই আবাসন সংকটের প্রতিবাদে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়। শুধু মাদ্রিদেই শনিবারের কর্মসূচিতে ৭০ হাজারের বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছে স্পেন সরকার।

সাম্প্রতিক আন্দোলনের অন্যতম বড় অনুঘটক ছিল ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকালকে মাদ্রিদের সেই বাড়ি থেকে উচ্ছেদ করা, যেখানে তিনি প্রায় ৭০ বছর ধরে বসবাস করছিলেন। একটি বিনিয়োগ তহবিল ভবনটি কিনে নেওয়ার পর তাঁর ভাড়া ৫০০ ইউরো থেকে প্রথমে ২ হাজার ৬৫০ ইউরো এবং পরে ১ হাজার ৬৫০ ইউরো নির্ধারণ করা হয়, যা তাঁর পক্ষে বহন করা সম্ভব ছিল না।

আবাসকালকে উচ্ছেদের দৃশ্য ছড়িয়ে পড়ার পর স্পেনজুড়ে ক্ষোভ বাড়তে থাকে এবং আবাসন সংকট সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে তোলে।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ এবার আগাম নির্বাচনের মাধ্যমে নতুন জনসমর্থন যাচাইয়ের পথে হাঁটছেন। আবাসন সংকটই আসন্ন নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।