...|...|...

খেলা

আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৩
Shares
আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে শান্ত-শরিফুলরা। তবে ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেখানকার তীব্র গরম।

আবুধাবিতে বর্তমানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা বা ‘ফিলস লাইক’ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। এমন আবহাওয়ায় দ্রুত মানিয়ে নেওয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘সত্যি বলতে এটাই এখন একমাত্র সমস্যা। ছেলেদের মধ্যে যারা জাপান থেকে এসেছে তারা এখানে কিছুই করার সুযোগ পায়নি। এর মধ্যে এই ধরনের আবহাওয়া, দু’দিন ধরে প্রচুর গরম। এখানে মূল বিষয়টা হচ্ছে কীভাবে তারা মানিয়ে নেয়।’

তবে আবুধাবির আবহাওয়ার সাথে ক্রিকেটাররা ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছেন বলে মনে করছেন ক্যারিবীয় কোচ। সিমন্স বলেন, ‘দিন শেষে এটা মানসিকভাবে মানিয়ে নেওয়ার ব্যাপার। তবে  তাদের দেখে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। এই গরমের মধ্যে প্রথম দিন হিসেবেও বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল। তাই আমি নিশ্চিত তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের উইকেট নিয়েও নিজের ধারণা জানিয়েছেন সিমন্স। তার চোখে উইকেটটি ভালো হলেও কিছুটা ধীরগতির হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমি উইকেট দেখেছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে আমার মনে হয় কিছুটা ধীরগতির হতে পারে। আমরা একটা ভালো উইকেটের প্রস্তুতি নিচ্ছি।’

আফগানিস্তানের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন স্পিনার থাকায় তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানিয়েছেন সিমন্স। তার ভাষায়, ‘আমরা জানি আমাদের বেশ কয়েকজন ভালো মানের স্পিনারের বিপক্ষে খেলতে হবে। এজন্য আমরা সবকিছুর জন্যই নিজেদের তৈরি করেছি। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।’

আবুধাবির কন্ডিশন ও প্রতিপক্ষের স্পিন আক্রমণ দুই চ্যালেঞ্জ সামনে রেখেই একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ। পূর্ণশক্তির দল নিয়ে খেলা ম্যাচটিতে তাই কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।