...|...|...

খেলা

আপিলের মাঝেই শাস্তির হুমকিতে ম্যানসিটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৭:১৯
Shares
আপিলের মাঝেই শাস্তির হুমকিতে ম্যানসিটি

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম গুরুতরভাবে ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধ প্রমাণিত হলে ক্লাবটিকে উপযুক্ত শাস্তি পেতে হবে বলে স্পষ্ট জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর।

সম্প্রতি প্রিমিয়ার লিগের এক স্বাধীন কমিশন ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত একাধিক মৌসুমে আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করে। যদিও শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে এসেছে সিটি। ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চপর্যায়ে আপিলও করেছে।

এরই মধ্যে গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম সিটির আবুধাবিভিত্তিক মালিকদের সমর্থন জানিয়ে বক্তব্য দিলে নতুন বিতর্ক শুরু হয়। ছায়া ক্রীড়ামন্ত্রী লুইস ফ্রেঞ্চ এ মন্তব্যের তীব্র সমালোচনা করে ফুটবল ও স্বাধীন তদন্ত প্রক্রিয়াকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান।

বিতর্কের মুখে প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র জানান, 'প্রাথমিক রায়টি অত্যন্ত গুরুতর এবং নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। এটি একটি স্বাধীন আইনি প্রক্রিয়া এবং অপরাধ প্রমাণিত হলে দায়ী পক্ষকে উপযুক্ত পরিণতি ভোগ করতেই হবে।'

বর্তমানে স্বাধীন তিন সদস্যের একটি আপিল বোর্ড সিটির আবেদনটি পর্যালোচনা করছে। প্রিমিয়ার লিগের নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১২ সপ্তাহের মধ্যে আপিল শুনানি এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত রায় দেওয়ার কথা রয়েছে। আপিলে অভিযোগ প্রমাণিত হলে পয়েন্ট কর্তন, বড় অঙ্কের জরিমানা কিংবা প্রশাসনিক নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তির মুখে পড়তে পারে ইংলিশ ক্লাবটি।