কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় এক সাবেক চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নালা নিয়ে বাড়িতে যেতে পারবেন না’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী ঠিক করবেন এমপি, এটা এমপির দায়িত্ব। মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নালা নিয়ে বাড়িতে যেতে পারবেন না’।
বক্তব্যে সংসদ সদস্য বলেন, আগামী পাঁচ বছর কোনো ধরনের গ্রুপিং চলবে না। স্থানীয় রাজনীতিতে বিভাজন সৃষ্টি করা যাবে না। এ সময় তিনি এক সাবেক চেয়ারম্যানকে উদ্দেশ করে নালা ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন।
যুবদলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, গত ১৬ বছর যুবদলের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। ১২ তারিখের নির্বাচনে যুবদলের নেতৃত্বের ভূমিকার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ কারণে যুবদলের প্রতি তার দায়বদ্ধতা বেশি। যুবদল জনগণের সাথে তার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


