তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি- উদ্যোগ’ চালু করছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কর্মসূচিতে আবেদনের নিয়ম ও সময়সীমা জানানো হয়েছে।
আবেদনকারীদের নিজ ব্যবসা পরিচালনা করছেন বা করতে চান- এমন উপজেলার যেকোনো ব্যাংক শাখায় আবেদন জমা দিতে হবে। তবে একজন উদ্যোক্তা কেবল একটি উদ্যোগের জন্যই আবেদন করার সুযোগ পাবেন।
কর্মসূচির প্রথম ধাপে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে। এ ধাপে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬। আর অন্যান্য সব জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে। সেখান থেকে উদ্যোক্তারা সরাসরি ফরম ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত সার্কুলারের লিংকও নির্দিষ্ট স্থানে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গত ১৩ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন দেওয়া হবে। তবে উদ্যোক্তা যদি ঋণের অর্থ পরিশোধ না করেন, তাহলে অনুদান হিসেবে দেওয়া পুরো অর্থ ঋণে পরিণত হবে। অর্থাৎ অনুদানের সুবিধা নিশ্চিত করতে হলে উদ্যোক্তাকে ঋণের পুরো অর্থ পরিশোধ করতে হবে।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন ও সেবা খাতের ব্যবসার পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক নতুন উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসার সাথে যুক্ত তরুণরা এ সুবিধার আওতায় আসবেন।
তবে এ অর্থায়ন সুবিধা পেতে উদ্যোক্তার বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।



